নিজস্ব প্রতিবেদক ::
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম। এ উপলক্ষে কানাইঘাট উপজেলায় অংশগ্রহণ ও প্রস্তুতি নিশ্চিত করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২ মে সিলেট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কানাইঘাট থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়রা যাতে জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে সফলতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে ১২-১৪ বছর বয়সী বালক-বালিকাদের প্রশিক্ষণের মাধ্যমে বাছাই করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া কার্যক্রম বাস্তবায়নের সুবিধার্থে সভায় একাধিক উপ-কমিটি গঠন করা হয়।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে)সহ বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রসঙ্গত, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়