নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য যুক্ত হতে যাচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’। আগামী ৩১ মে সন্ধ্যা ৬টায় জিয়াউর রহমান সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে এ আধুনিক স্পোর্টস ভেন্যুর।
তরুণ সমাজকে খেলাধুলামুখী করা, সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলা এবং আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে এই ইনডোর ফুটবল মাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সাফজয়ী ফুটবলার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মাহবুবুল আলম পলো, কানাইঘাট সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক অলিউডর রহমান, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য দেলোয়ার হোসেন বাবরসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের দাবি, আধুনিক অবকাঠামো, মানসম্মত খেলার পরিবেশ এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত এই মাঠ কানাইঘাটের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকরা আশা করছেন, ক্রীড়াবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে দিনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হবে।
এ উপলক্ষে ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘এভারগেইন এভিনিউ’-এর উদ্বোধনী আয়োজন উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়