Friday, May 29

কানাইঘাট থেকে ব্যাংকক-আন্তর্জাতিক মঞ্চে ‘বেস্ট এডুকেটর’ খেতাব পাচ্ছেন জয় দাস


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটের তরুণ শিক্ষাউদ্যোক্তা জয় দাস আন্তর্জাতিক অঙ্গনে বয়ে আনলেন নতুন গৌরব। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ তিনি পাচ্ছেন মর্যাদাপূর্ণ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ পুরস্কার। 

আগামীকাল ৩০ মে আন্তর্জাতিক এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে সম্মাননাটি।

জয় দাস জনপ্রিয় শিক্ষা উদ্যোগ ‘লার্ন উইথ জয়’ (Learn with JOY)-এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি ইংরেজি ভাষা শিক্ষা, আইইএলটিএস প্রস্তুতি এবং তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে মফস্বল ও গ্রামের শিক্ষার্থীদের জন্য সহজ, কার্যকর ও মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার কাজ ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ওয়ার্ল্ড স্কুল সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদান, নেতৃত্বগুণ এবং উদ্ভাবনী চিন্তার স্বীকৃতিস্বরূপ জয় দাসকে এ বছরের এই সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।

বিশ্বের ৩৫টিরও বেশি দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈশ্বিক শিক্ষা উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন তিনি। এবারের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক।

নিজের এই আন্তর্জাতিক অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয় দাস বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের শিক্ষা খাত, আমার সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত সাফল্য। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য অত্যন্ত গর্বের।”

আন্তর্জাতিক পর্যায়ে একজন তরুণ বাংলাদেশির এমন স্বীকৃতি দেশের শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা তৈরি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে ইতিবাচক উদ্যোগ ও সৃজনশীল কাজে আরও বেশি উৎসাহিত করবে।

উল্লেখ্য, জয় দাসের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামে। তিনি ওই গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়