নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামে রাতের আঁধারে এক নিরীহ রিকশাচালকের বসতবাড়ির পাশের প্রায় ৩০টি গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আব্দুন নুর, মৃত হাসন আলীর পুত্র। তিনি পেশায় একজন রিকশাচালক। তার অভিযোগ, শনিবার গভীর রাতে প্রবল বৃষ্টির সুযোগে দুর্বৃত্তরা তার বসতবাড়ির সীমানার পাশে রোপণ করা বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ৩০টি গাছ কেটে ফেলে।
আব্দুন নুর জানান, শনিবার রাত ১টার দিকে ভারী বৃষ্টিপাত চলাকালে তিনি বাড়ির পাশে গাছ কাটার শব্দ শুনতে পান। পরে ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
তিনি আরও দাবি করেন, তার বসতবাড়ির পাশে একই গ্রামের প্রবাসী শাহাব উদ্দিনের একটি জমি রয়েছে। কিছুদিন আগে শাহাব উদ্দিন বিদেশ থেকে এলাকার কয়েকজন মুরব্বীর মাধ্যমে তাকে গাছ সরিয়ে নেওয়ার জন্য চাপ দেন। অন্যথায় গাছ কেটে ফেলা ও তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার সূত্র ধরে আব্দুন নুরের ধারণা, প্রবাসী শাহাব উদ্দিনের লোকজনই রাতের আঁধারে তার গাছগুলো কেটে দিয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে, ভুক্তভোগী আব্দুন নুর কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়