Saturday, May 30

কানাইঘাটে জমি বিরোধের জেরে হা'মলা, আহত আবু লেইছ; তদন্তে পুলিশ


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট উপজেলার তিনচট্রি নয়াগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু লেইছ (৫৫) নামে এক ব্যক্তির ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তিনচট্রি নয়াগ্রামের মৃত নুর উদ্দিনের পুত্র আবু লেইছের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৪ মে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাছবাড়ি পশ্চিম বাজারে ময়নুল ইসলামের জ্বালানি তেলের দোকানের সামনে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে আবু লেইছ পাশের মাঠ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যদের দাবি, হামলায় আবু লেইছের বুক, বাম হাত, চোখ ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।

এ ঘটনায় আবু লেইছ চিকিৎসাধীন থাকায় তার চাচাতো ভাই কবির উদ্দিনের মাধ্যমে ১০ জনকে আসামি করে শুক্রবার কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে শনিবার (৩১ মে) কানাইঘাট থানার এসআই দুর্গা কুমার দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়