নিজস্ব প্রতিবেদক :
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেটের কানাইঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ১১টায় উপজেলার প্রশাসনিক চত্বর থেকে শুরু হয় ঐতিহ্যবাহী বৈশাখী শুভযাত্রা। আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এই শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শুভযাত্রার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল। দিনব্যাপী মেলায় ছিল বিভিন্ন পণ্যের স্টল, লোকজ ঐতিহ্যের প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
এবারের বৈশাখী আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে সর্বসাধারণের ব্যাপক অংশগ্রহণ। উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি-এই প্রত্যাশাই আমাদের সবার।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়