Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts

Sunday, August 30

জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃ'ষ্ট হয়ে মৃ,ত্যু,র খবর শুনে প্রা'ণ হারালেন পিতা!

জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃ'ষ্ট হয়ে মৃ,ত্যু,র খবর শুনে প্রা'ণ হারালেন পিতা!


কানাইঘাট নিউজ ডেস্ক :

বিয়ের মেহেদির দাগ এখনো হাত থেকে মুছে যায়নি। নতুন সংসার, নতুন জীবন আর অসংখ্য স্বপ্ন নিয়ে পথচলার কথা ছিল যে তরুণের, সেই মাসুক আহমেদের জীবন থেমে গেল আকস্মিক এক মর্মান্তিক দুর্ঘটনায়। আর প্রিয় ছেলের মৃত্যুর এই হৃদয়বিদারক সংবাদ সহ্য করতে না পেরে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাঁর পিতা আব্দুল লতিফ।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় ঘটে এই মর্মস্পর্শী ঘটনা।

জানা যায়, আব্দুল লতিফের ছেলে মাসুক আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের মাতম।

তবে পরিবারের জন্য অপেক্ষা করছিল আরও বড় এক বেদনা। প্রিয় সন্তানের মৃত্যুর খবর পিতার হৃদয়ে যেন শেষ আঘাত হয়ে আসে। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই শোকে ভেঙে পড়েন পিতা আব্দুল লতিফ। কিছুক্ষণের মধ্যেই তিনিও মৃত্যুবরণ করেন।

এক মুহূর্তেই একটি পরিবার হারাল তাদের প্রিয় দুই সদস্যকেএকজন সন্তান, অন্যজন পিতা। যে ঘরে কিছুদিন আগেও বিয়ের আনন্দ ছিল, নতুন জীবনের স্বপ্ন ছিল, সেই ঘর মুহূর্তেই পরিণত হলো শোকের ঘরে। বিয়ের মেহেদির দাগ না মুছতেই মাসুক আহমেদের এমন নির্মম বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।

এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পিতা-পুত্রের এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Wednesday, August 26

জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের সিলেট জেলা কমিটি ঘোষণা

জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের সিলেট জেলা কমিটি ঘোষণা

প্রেসিডেন্ট লাদেন চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহি উদ্দিন জাবের, সেক্রেটারি রেদোয়ান আহমদ


কানাইঘাট নিউজ ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি, শহীদদের অমর স্মৃতি ও ন্যায়বিচারের অবিনাশী আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (JRA)-এর সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন আশিক ও জয়েন্ট সেক্রেটারি ফয়সাল কবীর ভূঁইয়ার অনুমোদনে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো. লাদেন চৌধুরীকে প্রেসিডেন্ট এবং মহি উদ্দিন জাবেরকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদির উজ জামান নায়েফ ও মো. কামাল হোসেন।

রেদোয়ান আহমদকে সেক্রেটারি, আরিফ হোসাইনকে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং মো. আব্দুল মোহাইমিন চৌধুরী, মো. সানোয়ার হোসেন ও পঙ্কজ রায়কে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে।

এ ছাড়া আববার বিন সেলিমকে মুখপাত্র এবং আব্দুল্লাহ সায়েমকে সহ-মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জোবায়ের আহমেদ রোমান। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শাকিল মিয়া, মাহমুদ রেজা সৈরত, ফালাক সাবির হিরা ও ছানিয়াত রহমানকে।

ফজলে রাব্বি রাহীকে দপ্তর সম্পাদক এবং হাসান আহমেদ ইমনকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে। বিলাল আহমেদ দিপু প্রচার সম্পাদক এবং শরিফুল ইসলাম মুফাক্কির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া মো. আব্দুল গফফার ফাহিমকে মুক্তিযুদ্ধ ও জুলাই বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসলামুল ইমন, তাহমিদ তামিম, আবুল বাশার মিনহাজ, আব্দুল ওয়াহিদ পাশা, আতাউর রহমান কাউসার, নাজমুল ইসলাম, মেহেদি হাসান চৌধুরী, সজিব আহমেদ, শাহিদুল হাসান, ইমরান আহমেদ, মেহেদি হাসান চৌধুরী ও শেখ সজিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়পরায়ণ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী এক বছরের জন্য জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

Saturday, July 18

নতুন পৌরসভার পথে জৈন্তাপুর

নতুন পৌরসভার পথে জৈন্তাপুর


কানাইঘাট নিউজ ডেস্ক:

দেশে আরও একটি নতুন পৌরসভা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

গত ৯ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে এসআরও নং ২৮১-আইন/২০২৬ প্রজ্ঞাপন জারি করা হয়। পরে মঙ্গলবার (১৪ জুলাই) এটি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার তফসিলে উল্লেখিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার।


এতে আরও বলা হয়, আইনটির ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে এই প্রস্তাবের বিরুদ্ধে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে।

এ ছাড়া ধারা ৩-এর উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত আপত্তি থাকলে সরকার তা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।

উন্নয়নের প্রতিটি ধাপে বিএনপিকে সম্পৃক্ত করতে হবে: জকিগঞ্জে শাম্মী আক্তার

উন্নয়নের প্রতিটি ধাপে বিএনপিকে সম্পৃক্ত করতে হবে: জকিগঞ্জে শাম্মী আক্তার

 


দলীয় ঐক্য জোরদার, মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ দমনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ


নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সহ-সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার শনিবার জকিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিনে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভায় অংশ নিয়ে উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিকেলে জকিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাম্মী আক্তার বলেন, সিলেট-৫ আসনের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শাম্মী আক্তার বলেন, জকিগঞ্জ যেন কোনোভাবেই উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য নিয়েই তিনি কাজ করছেন। ভুল বোঝাবুঝি ও বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে উপেক্ষা করে কোনো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা উচিত হবে না। উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সিলেট-৫ আসনের মানুষের স্বার্থে প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে গিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তদবির করবেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা হিফজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ লস্কর।

সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদুজ্জামান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক জবরুল হোসেন ইমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন শাম্মী আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস সঞ্চালনা করেন।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বক্তব্য দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সাবেক আহ্বায়ক শরীফ লস্কর, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদসহ বিএনপির নেতৃবৃন্দ।

সভায় শাম্মী আক্তার বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় জকিগঞ্জে মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদক নির্মূলে বিএনপি সরকারের অবস্থান 'জিরো টলারেন্স'। প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে সুশিক্ষিত, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও জকিগঞ্জ-কানাইঘাটে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীদের উপেক্ষা করার প্রবণতা দেখা যাচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে।

প্রশাসনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, দলের কোনো নেতাকর্মী অপরাধে জড়ালে তার দায় সরকার বা দল নেবে না। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। যে-ই অপরাধ করুক, প্রশাসনকে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Thursday, July 16

ঢাকা-সিলেট রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন 'টাঙ্গুয়ার এক্সপ্রেস'

ঢাকা-সিলেট রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন 'টাঙ্গুয়ার এক্সপ্রেস'


এহসানুল হক জসীম:

ক্রমবর্ধমান যাত্রী চাপ সামাল দিতে ঢাকা-সিলেট-ঢাকা রুটে খুব শীঘ্রই এক জোড়া নতুন বিরতিহীন ইন্টারসিটি ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। সরকার ইতিমধ্যে এই বিরতিহীন ট্রেনটির অনুমোদন দিয়েছে, যার নাম রাখা হয়েছে 'টাঙ্গুয়ার এক্সপ্রেস'। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঢাকা-সিলেট-ঢাকা রুটের জন্য 'টাঙ্গুয়ার এক্সপ্রেস' নামের এক জোড়া নতুন বিরতিহীন ইন্টারসিটি ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন।"

তবে নতুন এই ট্রেন সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন বর্তমান রেল বহরের ইঞ্জিন ও কোচ সংকটের কারণে কিছুটা সময় নেবে। নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহের পরই এটি চূড়ান্তভাবে চালু করা সম্ভব হবে। বর্তমানে এই রুটে চার জোড়া ট্রেন চলে, টাঙ্গুয়ার এক্সপ্রেস চালু হলে তখন পাঁচ জোড়া হবে। 

রেলপথ মন্ত্রী জানান, ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। এছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে 'রেলওয়ে সক্ষমতা বৃদ্ধি' প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন) কেনার জন্য আরেকটি পৃথক ডিপিপি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। এসব রোলিং স্টক (ইঞ্জিন ও কোচ) হাতে পাওয়া মাত্রই নতুন ট্রেনটি লাইনে নামানো হবে।

সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে এই রুটে ব্রডগেজ ট্রেন চালুর বিষয়ে কথা বলেন মন্ত্রী। শেখ রবিউল আলম বলেন, ঢাকা-সিলেট রুটে বর্তমানে মিটারগেজ লাইন চালু রয়েছে। ভবিষ্যতে এই রেললাইনটিকে ডুয়াল-গেজ বা ব্রড-গেজ সিস্টেমে রূপান্তর করা এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা হলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আশ্বাস দেন যে, ২০০টি মিটারগেজ কোচ এবং এআইআইবি-র অর্থায়নে ৩০টি ইঞ্জিন সংগ্রহের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটেও একটি নতুন ইন্টারসিটি ট্রেন চালু করা হবে।

খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, খুলনা-যশোর রুটের পুরোনো ট্র্যাক সংস্কার এবং সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়নের কাজ চলছে।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে, জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর সেকশনে ডুয়াল-গেজ ডাবল লাইন নির্মাণের জন্য ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়েছে।

Tuesday, July 7

জকিগঞ্জে সুরমার ভয়াল ভাঙন: বিলীনের পথে ১২১ বছরের বিদ্যালয়, আতঙ্কে পাঁচ গ্রামের মানুষ

জকিগঞ্জে সুরমার ভয়াল ভাঙন: বিলীনের পথে ১২১ বছরের বিদ্যালয়, আতঙ্কে পাঁচ গ্রামের মানুষ


হাফিজ আহমদ সুজন:

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে সুরমা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে নদীভাঙন। ভাঙনের তীব্রতায় ঝুঁকির মুখে পড়েছে নদীপাড়ের কয়েকটি গ্রাম, গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। প্রতিনিয়ত নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। নতুন করে ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সুরানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এই বিদ্যালয়টি বর্তমানে নদীভাঙনের একেবারে কাছাকাছি অবস্থান করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না হলে যেকোনো সময় বিদ্যালয়টি সুরমা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

বিদ্যালয়টিতে মানিকপুর ইউনিয়নের রসুলপুর, দুধরচক, শিবেরচক, হরাইচক ও সুরানন্দপুর-এই পাঁচটি গ্রামের শতাধিক শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করে। বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো এলাকার শিক্ষা ব্যবস্থাও বড় সংকটে পড়বে বলে মনে করছেন অভিভাবকরা।

মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর প্রবাসী ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, পর্তুগাল প্রবাসী জুবায়ের আহমদ বলেন, “সুরমা নদীর ভয়াবহ ভাঙনে গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলো চরম হুমকির মুখে রয়েছে। বড় ধরনের বিপর্যয় এড়াতে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বর্ষা মৌসুমেই সুরমা নদীর ভাঙনে এই জনপদের মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন। কিন্তু দীর্ঘদিনেও স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় বছর বছর একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে তাদের। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Sunday, June 28

সিলেটে শিক্ষামন্ত্রীর হুশিয়ারি: নকল হলে ছাড় পাবেন না কেন্দ্রসচিবও'

সিলেটে শিক্ষামন্ত্রীর হুশিয়ারি: নকল হলে ছাড় পাবেন না কেন্দ্রসচিবও'


কানাইঘাট নিউজ ডেস্ক :

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস কিংবা প্রশ্নফাঁসের গুজব কোনোটিই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষাকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো কেন্দ্রে নকল ধরা পড়লে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।

রবিবার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েকটি পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে। অথচ বাস্তবে কোনো প্রশ্নফাঁস হয়নি। তারপরও কিছু ব্যক্তি ও গণমাধ্যম কোনো প্রকার যাচাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। এবার এমন কোনো ঘটনা ঘটলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তিনি আরও যোগ করেন, প্রশ্নফাঁস না হলেও প্রশ্নফাঁসের গুজব ছড়ানোও একটি বড় অপরাধ। শিক্ষা ব্যবস্থা নিয়ে অপপ্রচার চালিয়ে কেউ ভাইরাল হবে, আর সরকার চুপ করে বসে থাকবে—তা আর হতে দেওয়া হবে না।
পরীক্ষা কেন্দ্রে নকল ঠেকাতে কেন্দ্র প্রধানদের কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়ে ড. মিলন বলেন, পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় প্রয়োজনীয় তল্লাশি নিশ্চিত করতে হবে। কেন্দ্রের ভেতরে নকলের কোনো উপকরণ পাওয়া গেলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই।

কেন্দ্র প্রধানদের সতর্ক করে তিনি বলেন, কেন্দ্র আপনার দায়িত্বে পরিচালিত হচ্ছে। সুতরাং, সেখানে কোনো প্রকার অনিয়ম হলে কাউকে না কাউকে জবাবদিহি করতেই হবে।
পরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এবার সিসিটিভি ক্যামেরাসহ ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলোকেও স্মার্ট মনিটরিংয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ড. মিলন জোর দিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শুধু পরীক্ষাকেন্দ্রই নয়, শিক্ষা প্রশাসনের প্রতিটি স্তরে পর্যায়ক্রমে প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা চালু করা হবে।

মতবিনিময় সভায় সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Thursday, June 18

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী


 ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়িত হলে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে বলেন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একসময় বাজেট উপস্থাপনের পর ‘গরিব মারার বাজেট’ কিংবা ‘বড়লোকের বাজেট’ বলে সমালোচনা করা হতো। কিন্তু এবারের বাজেটকে ঘিরে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। কারণ এই বাজেট গরিব, মধ্যবিত্ত, প্রান্তিক জনগোষ্ঠী, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী তরুণদের স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এটি কোনো একদিনের চিন্তার ফল নয়; বরং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিনের পরিকল্পনার বাস্তব প্রতিফলন।

বাজেটকে স্বপ্নবিলাসী ও উচ্চাভিলাষী বলে সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, যে জাতি স্বপ্ন দেখতে পারে না, সে জাতি এগিয়ে যেতে পারে না। উচ্চাভিলাষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশকে একটি শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে হলে বড় লক্ষ্য নিয়ে এগোতে হবে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড, উৎপাদন বৃদ্ধির উদ্যোগ এবং বিভিন্ন সহায়তা কর্মসূচি রাখা হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা বাড়িয়ে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, শুধুমাত্র সনদনির্ভর শিক্ষা নয়, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে অতিরিক্ত প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য, যুব উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, সরকার দায়িত্ব গ্রহণের সময় নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। অর্থপাচার, ব্যাংক খাতের দুর্বলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও সরকার একটি বাস্তবমুখী ও উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করেছে।

আইনমন্ত্রী আরো বলেন, কর্মসংস্থান বৃদ্ধির জন্য খাল ও নদী পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

মো. আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর-সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও এতে প্রতিফলিত হয়েছে।

তিনি আরো বলেন, সরকার লুটপাট ও অর্থপাচারনির্ভর অর্থনীতির অবসান ঘটিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায়। প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আইনমন্ত্রী বলেন, এ বাজেট দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার রূপরেখা এতে তুলে ধরা হয়েছে।

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা


 কোনো এজেন্সি বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য আদায় করলে বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এসব কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। আজ এর প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম বলেন, অভ্যন্তরীণ বিমানে টিকিট বুকিংয়ে দিন ও সময়কে কেন্দ্র করে ভাড়া ওঠা নামা করার কারণ হলো আন্তর্জাতিক যাত্রী পরিবহনের মতো অভ্যন্তরীণ রুটেও এয়ারলাইন্সগুলোর ভাড়া সময় এবং চাহিদার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়, যা বিশ্বব্যাপী ‘রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি নামে পরিচিত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের ভাড়া এই পদ্ধতিতেই নির্ধারিত হয়ে থাকে।

মন্ত্রী বলেন, ভাড়া ওঠা নামা করার আরো কারণ হলো বাংলাদেশ বিমান তার নিজস্ব বাণিজ্যিক স্বার্থ ও রাষ্ট্রীয় স্বার্থ, একই রুটে অন্যান্য উড়োজাহাজ কোম্পানির প্রতিযোগিতামূলক ভাড়া এবং অন্যান্য বিভিন্ন ধরনের নিয়ামক যেমন- জ্বালানি মূল্য, পরিচালনা ব্যয়, এয়ারক্রাফটের ধরন, দিন, সময়, পিক, অফ-পিক, মৌসুম, যাত্রী চাহিদা, আসন প্রাপ্যতা, অগ্রীম বুকিং, যাত্রীসেবার মান ইত্যাদি বিবেচনায় টিকিটের মূল্য/ভাড়া নির্ধারণ করে থাকে। ফলে অধিক চাহিদা সম্পন্ন সময়ে ভাড়া বৃদ্ধি পায় এবং কম চাহিদাসম্পন্ন সময়ে তুলনামূলকভাবে ভাড়া হ্রাস পায়।

তিনি বলেন, ভাড়া ওঠা নামা করার ক্ষেত্রে আরো উল্লেখযোগ্য কারণ হলো মুক্ত বাজার অর্থনীতি এবং এভিয়েশন শিল্পের বৈশ্বিক নিয়ম অনুযায়ী টিকিটের সরাসরি ফিক্সড বা নির্ধারিত ভাড়া আরোপ করা না হলেও, অভ্যন্তরীণ রুটে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স হিসেবে বাংলাদেশ বিমানের ভাড়া যাতে সাধারণ যাত্রীদের ক্রয়ক্ষমতার বাইরে না যায় এবং অভ্যন্তরীণ রুটে চলাচলকারী অন্যান্য উড়োজাহাজ কোম্পানির। তুলনায় টিকিটের মূল্য/ভাড়া যুক্তিযুক্ত সাশ্রয়ী পর্যায়ে থাকে সে বিষয়ে বিমান সর্বদা সচেষ্ট থাকে।

বিমান মন্ত্রী বলেন, এয়ার টিকিটের মূল্যের স্বচ্ছতা ও স্থিতিশীলতা রক্ষা, বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ও যাত্রীদের স্বার্থ সংরক্ষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া টিকিট সিন্ডিকেট ও প্রতারণা রুখতে টিকিটের গায়ে আবশ্যিকভাবে মূল্য, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো এজেন্সি অস্বাভাবিক মূল্য আদায় করলে বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমান টিকিটের দাম যেন যাত্রীদের জন্য সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিয়মিত ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় ও আলোচনা চলমান রেখেছে।

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

 


গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় জেলার কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে।

হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় প্রবেশ করে শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক দেখা গেছে।

কারখানার শ্রমিক জাহিদ, মাজেদুল, তন্নি আক্তার জানান, প্রতিনিয়ত তারা কারখানার সাপ্লাই থেকে পানি পান করেন। আজও সেখান থেকেই পানি পান করার কিছুক্ষণ পর সবার মধ্যেই এমন অস্বাভাবিকতা দেখা দেয়। ২ শতাধিক শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়, অনেকেই বমি করেন, অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অনেককেই কারখানার ভেতরেও চিকিৎসা দেওয়া হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে জায়গা হচ্ছে না। একের পর এক রোগী আসছে। আমরা যথাক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি।

দ্রুত সময়ে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে

দ্রুত সময়ে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে


 দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অতি অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে। এটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড, নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা নেই।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনীর বাড়িতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনে থেকে আমাদের নির্দেশ দিয়েছেন শিশু নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা করতে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জেলার ৩জন সংসদ সদস্য ও জেলা শীর্ষ কর্মকর্তারা সহ এসেছি।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আমি যতদুর শুনেছি গ্রেপ্তার ব্যাক্তি হত্যার দায় স্বীকার করেছে। কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে তা সম্পন্ন করে চার্জশিট দিয়ে দ্রুত সময়ের মধ্যে নন্দিনী হত্যা মামলারর বিচার কার্য সম্পন্ন করা হবে। আমাদের এমনটাই মনে হয়, যারা এতটুকু একটা ছোট শিশুকে হত্যা করতে পারে তারা মানুষ নয়, নরপিচাশ। তাদের এমন দৃষ্ঠান্তমুলক শাস্তি দিতে হবে যাতে উদাহারন হয়ে থাকে। এমন কাজে আর কেউ যুক্ত হতে সাহস না করে।

ত্রাণমন্ত্রী আরও বলেন, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছিলেন। তারা আসামীকে গ্রেপ্তার করে শান্তিপুর্ন ভাবে ফিরছিলেন। সেই শান্তিপুর্ন পরিবেশ কার ইন্দ্রনে? কার উসকানীতে কার প্রোরোচনায় প্রশাসনকে আক্রমন করা। এটি আর একটি অপরাধ। আইন হাতে তুলে নিয়েছে তারা। এটাতে কারো উসকানী আছে কি না? সেটিও পুলিশ তদন্ত করে দেখছে। সাধারন মানুষ যারা এ ঘটনার সাথে জড়িত নয়, তারা নিশ্চিতে বাড়িতে থাকবে। কিন্তু যারা ক্রিমিনাল, যারা প্রশাসনকে আক্রমন করে মব সৃষ্ঠি করে তারা অপরাধি। আমরা বলেছি, যারা এ অপরাধের সাথে জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে।

গত মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে ৭ বছরের শিশু নন্দিনীর লাশ উদ্ধার করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার বিধান চন্দ্র দায় স্বীকার করেছেন। সেই শিশু নন্দিনীর পরিবারের কাছে যান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সমবেদনা জ্ঞাপন করে এ হহত্যার দৃষ্ঠান্তমুলক বিচারের প্রতিশ্রুতি দেন।

এ সময় ত্রাণমন্ত্রীর সাথে ছিলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

 


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত বিবিধ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ইতোমধ্যে মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামী ২০ জুলাই আমরা মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবো, ২ মাসের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, সেশন জট কমিয়ে আনতে আমরা সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করছি। সেই সঙ্গে আমরা এক বছর আগেই এসএসসি ও এইচএসসির সময়সূচি ঘোষণা করেছি। এছাড়া শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোতে আমরা কাজ করছি।

শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে ইনোভেশন, আইডিয়া, শোকেসিং, স্টার্ট-আপ অনুষ্ঠানগুলো ব্যাপকভাবে চলছে। এর আনুষ্ঠানিকতা শেষ হবে ২৮ ও ২৯ জুন। এর মধ্যে ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে উপস্থিত থাকবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনাগরিক তৈরি হয় এমন শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার। আর সুস্থ নাগরিক গড়তে খেলাধুলা প্রয়োজন, প্রজন্ম ট্যাব-মোবাইলে আটকে পড়ুক সেটি আমরা চাই না।

এছাড়াও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, বর্তমান সরকারের লক্ষ্য আগামীর বাংলাদেশ গড়ার কান্ডারি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চায় সরকার। সৃজনশীল এবং মেধার বহিঃপ্রকাশ ঘটে এমন বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রাথমিকভাবে লার্নিং উইথ হ্যাপিনেস ক্লাস সিক্স থেকে শুরু হচ্ছে, পরবর্তীতে অন্য ক্লাসগুলোতেও এটি থাকবে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা


বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকগুলোর সুইস ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ২০২৫ সালে ৪১% বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪ দশমিক ২ মিলিয়ন সুইস ফ্রাঁ (প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা), যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মাত্রা।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বার্ষিক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

এই উল্লম্ফনের ফলে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ এখন ২০২১ সালের শেষে রেকর্ড করা সর্বকালের সর্বোচ্চ মাত্রা ৮৭১ দশমিক ১ মিলিয়ন ফ্রাঁ-এর ঠিক পেছনে অবস্থান করছে। একই সঙ্গে, ২০২৫ সালের এই হিসাব গত চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং ২০২৪ সালে রেকর্ড করা ৫৯০ মিলিয়ন ফ্রাঁ থেকে এটি একটি বড় উল্লম্ফন।

সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান অনুযায়ী, এই বৃদ্ধির মূল কারণ বাংলাদেশি ব্যাংকগুলোর আমানতে ৪৩% বৃদ্ধি, যা আগের বছরের ৫৭৬ দশমিক ৬ মিলিয়ন ফ্রাঁ থেকে বেড়ে ২০২৫ সালে ৮২২ দশমিক ৭ মিলিয়ন ফ্রাঁয় পৌঁছেছে।

এর বিপরীতে, ব্যক্তি গ্রাহক হিসাবে রাখা আমানতের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন প্রবণতা। এ ধরনের আমানত প্রায় ১০% কমে আগের বছরের ১২ দশমিক ৬ মিলিয়ন ফ্রাঁ থেকে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪ মিলিয়ন ফ্রাঁ।

সবমিলিয়ে, সাম্প্রতিক এই উল্লম্ফন এসেছে ২০২৩ সালের একটি ঐতিহাসিক পতনের পরই, যখন সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল, এরপর পরবর্তী বছরগুলোতে তা ক্রমান্বয়ে বেড়েছে। তবে এই পরিসংখ্যান সুইস ব্যাংকগুলো নিজেরাই এসএনবি-কে রিপোর্ট করা অফিসিয়াল তথ্য, এবং এটি সুইজারল্যান্ডে বাংলাদেশিদের কথিত পাচার করা অর্থের পরিমাণ নির্দেশ করে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই বিস্তৃত প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র কমিটি ২০২৪ সালের ডিসেম্বরে এক হিসাবে জানিয়েছিল, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই পাচার করা অর্থ মূলত সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারত এবং বিভিন্ন ট্যাক্স হেভেনের মধ্য দিয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ এখনো এআইওই-তে অঙ্গীকার করেনি

এক সময় গ্রাহকের গোপনীয়তা রক্ষায় বিখ্যাত সুইস ব্যাংকগুলো স্বচ্ছতার দিকে এগিয়ে গেছে। ২০১৮ সাল থেকে চালু হওয়া অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন (এআইওই)-এর মতো উদ্যোগের মাধ্যমে কর ফাঁকি রোধে অর্থ পাচার ঠেকানোর কাজ করছে দেশটি।

এই তথ্য বিনিময়ের ফলে ক্যান্টোনাল কর কর্তৃপক্ষ যাচাই করতে পারে, করদাতারা বিদেশে থাকা তাদের আর্থিক হিসাব ট্যাক্স রিটার্নে সঠিকভাবে উল্লেখ করেছেন কিনা। এর মধ্যে পরিচয়, হিসাব ও আর্থিক তথ্য বিনিময় করা হয়, যার মধ্যে রয়েছে নাম, ঠিকানা, বসবাসের দেশ ও কর সনাক্তকরণ নম্বর, পাশাপাশি প্রতিবেদনকারী আর্থিক প্রতিষ্ঠান, হিসাবের ব্যালেন্স ও মুনাফা সংক্রান্ত তথ্য।

২০২৫ সালে সুইস ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন (এফটিএ) এআইওই-এর গ্লোবাল স্ট্যান্ডার্ডের আওতায় ১০১টি দেশের সঙ্গে প্রায় ৩৪ লাখ আর্থিক হিসাবের তথ্য বিনিময় করেছে।

২০২৬ সালের মে মাস পর্যন্ত ওইসিডির গ্লোবাল ফোরাম অন ট্রান্সপারেন্সি অ্যান্ড এক্সচেঞ্জ অব ইনফরমেশন ফর ট্যাক্স পারপোজেস-এর সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখনো এআইওই-তে অঙ্গীকার করেনি, যেখানে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান এরই মধ্যে এই তথ্য বিনিময়ে যুক্ত হয়েছে।