নিজস্ব প্রতিবেদক:
জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা, তালবাড়ীর প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ সেপ্টেম্বর) প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে মাদ্রাসার হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসে বিভিন্ন সময়ে মাদ্রাসায় অধ্যয়ন ও শিক্ষকতা করা প্রাক্তন ছাত্র-শিক্ষকরা একত্রিত হন। স্মৃতিচারণ, মতবিনিময় ও আনন্দঘন আড্ডায় দিনটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়। প্রাক্তনদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাদ্রাসার পুরো প্রাঙ্গণ।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সরকারি শিক্ষক ও প্রাক্তন ছাত্র মো. কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফিজ রুম্মান আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আহমদ। পুনর্মিলনী ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সহকারী সেক্রেটারি মাহমুদুর রাহমান দিলওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল একেএম হেলাল আহমদ চৌধুরী, মাওলানা সাইফুল আলম, মাওলানা মাশুক আহমদ, মাওলানা কামাল উদ্দিন, সাংবাদিক এহসানুল হক জসীম, কবি সরওয়ার ফারুকী। এসময় মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুস সাকিব,মুসলেহ উদ্দিন,এডভোকেট আবু সাদিক,মতিউর রহমান,ফয়েজ উদ্দিন সহ মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বিপুলসংখ্যক প্রাক্তন ছাত্র।
বক্তারা মাদ্রাসার গৌরবময় ইতিহাস এবং শিক্ষা ও দ্বীনি খেদমতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও দ্বীনি খেদমতের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদ্রাসার উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান করতে প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-শিক্ষকরা নিজেদের শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ায় অনেকের মধ্যে দেখা যায় আবেগঘন পরিবেশ। পুরোনো স্মৃতিচারণ আর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুনর্মিলনী হয়ে ওঠে অত্যন্ত আনন্দমুখর।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই অংশ নেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়