Saturday, September 12

কানাইঘাট সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


৬৬ কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও এককালীন বৃত্তি

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কানাইঘাট উপজেলার ৬৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কানাইঘাট সমিতি,সিলেট মহানগর। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বাড়িয়ে তুলতে প্রথমবারের মতো এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অংশ নেয়।

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার বদরুল আমিন হারুনের সভাপতিত্বে এবং সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিকের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সেক্রেটারি মো. জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফুলবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, সমিতির উপদেষ্টা মাস্টার জালাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী এ কে এম ওলি উল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট শাখার সভাপতি মুহিবুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শমসের আলম।

কানাইঘাট সমিতির দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি শামসুন নুর, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, মহি উদ্দিন জাবেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া শুধু তাদের উৎসাহিত করে না, বরং সমাজের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। কানাইঘাট সমিতি সিলেট মহানগর প্রথমবারের মতো উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ায় বক্তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী কানাইঘাট সমিতি সিলেট মহানগরের নেতৃবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও এককালীন বৃত্তি তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়