Tuesday, September 15

মালিক নাহার মেমোরিয়াল একাডেমির এডহক কমিটির সভাপতি খয়রুল ইসলাম চৌধুরী


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট উপজেলার মালিক নাহার মেমোরিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. খয়রুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের আদেশে উল্লেখ করা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ ধারা অনুযায়ী এ এডহক কমিটি গঠন করা হয়েছে। পত্র ইস্যুর তারিখ থেকে কমিটির মেয়াদ ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে।

মো. খয়রুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি দৈনিক সিলেটের জমিন পত্রিকার সম্পাদক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাঁর সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হচ্ছে স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিন ‘মাসিক চিকিৎসা বার্তা’।

এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. খয়রুল ইসলাম চৌধুরী বলেন, “মালিক নাহার মেমোরিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যালয়কে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়