নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরপ্রধানের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। এ সময় তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথ পরিকল্পনা, নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি ও বাস্তবায়নের পরিসংখ্যান সংসদ সদস্যের কাছে তুলে ধরেন তারা।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদ পূরণের বিষয়ে আশ্বাস দিয়ে এমপি আবুল হাসান বলেন, কানাইঘাট ও জকিগঞ্জে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নকাজ চলমান রয়েছে। শিগগিরই কানাইঘাট-গাজী বুরহান উদ্দিন সড়কের উন্নয়নকাজ শুরু হবে। পাশাপাশি গ্রামীণ সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কানাইঘাট পৌরসভার টেকসই উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে কানাইঘাট-জকিগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি কর্মকর্তাদের আরও নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে বিতরণ করেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারাও তুলে দেন তিনি।
পরে তিনি কানাইঘাট মহিলা কলেজ পরিদর্শন করেন। সেখানে কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে কলেজের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সংকটের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এমপি আবুল হাসান বলেন, কলেজের সার্বিক পাঠদান কার্যক্রম সচল রাখা এবং প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করার জন্য তিনি তার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়