Saturday, September 5

কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপণ ও সেমিনার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও সরকারের উন্নয়ন প্রচার বিষয়ক সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা জাসাসের সভাপতি ও সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি শাহিন আহমদ ডালিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু। প্রধান আলোচক ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব ও জেলা বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান এইচ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আবিদুর রহমান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মনসুর আলম রুমেল ও সিএম আব্দুল্লাহ আরিফ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও পৌর জাসাসের সিনিয়র সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন এবং উপজেলা বিএনপির অন্যতম নেতা ও সাতবাঁক ইউপি জাসাসের সভাপতি রফিকুল ইসলাম।

কানাইঘাট শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের যৌথ কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সেমিনারের সূচনা হয়। পরে কানাইঘাট পাবলিক হাই স্কুল ও ইউনিভার্সেল স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা জাসাসের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন পৌর জাসাসের সভাপতি গিয়াছ উদ্দিন, সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেসি ও সাহেদ আহমদ।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাসুরা তাবাসসুম ওহি।

সেমিনারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় জাসাসের কয়েকশ নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার বলেন, দেশের ক্রান্তিকালে বিএনপি অতীতেও জনগণের পাশে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। বর্তমান সময়েও দেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিগত সরকারের সময় দেশের বিভিন্ন খাতে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনসহ দেশের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেছেন। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জাসাসের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ সময় প্রধান বক্তা, প্রধান আলোচকসহ অন্যান্য অতিথিরা জাসাসের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

সেমিনার শেষে উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা ও পৌর জাসাসের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা জাসাসের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়