Monday, August 24

কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার(২২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ কানাইঘাট থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। পরে রোববার(২৩ আগস্ট) থানার এসআই সুব্রত দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সর্দারীপাড়া গ্রামের মৃত গোলাম হায়দার প্রায় ৯০ বছর আগে একই গ্রামের আব্দুল হামিদ গংদের কাছ থেকে দলিলমূলে সর্দারীপাড়া মৌজার ৯৭ ও ১০১ নম্বর দাগে ৬৭ শতক জমি ক্রয় করেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে গোলাম হায়দারের পরিবারের সদস্যরা ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমিতে গাছপালা লাগানো, পুকুর খনন ও ধান চাষসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সম্প্রতি একই গ্রামের মৃত সমছুর উদ্দিনের ছেলে আমিন উদ্দিন ও শরীফ উদ্দিনসহ কয়েকজন ওই জমির প্রায় ২০ শতক নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। গোলাম হায়দারের পরিবারের দাবি, সালিশে প্রতিপক্ষ জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। তাদের আরও দাবি, এ বিষয়ে থানা পুলিশের প্রতিবেদনেও গোলাম হায়দারের পরিবারের মালিকানার বিষয়টি উঠে এসেছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক মাস আগে প্রতিপক্ষের লোকজন তাদের জমিতে রোপণ করা বেশ কিছু গাছ কেটে ফেলে এবং ধানের চারার ক্ষতি করে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে গোলাম হায়দারের ছেলে ফ্রান্সপ্রবাসী মাসুম আহমদ, তার ভাই শহিদ আহমদ ও নাহিদ আহমদসহ কয়েকজন নিজেদের পুকুর থেকে মাছ ধরার জন্য সেচ মেশিন স্থাপন করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন-মৃত গোলাম হায়দারের ছেলে মাসুম আহমদ, শহিদ আহমদ, নাহিদ আহমদ, তাদের চাচা নুর উদ্দিন, ব্যবসায়ী নিজাম উদ্দিন, কৃষক জাকারিয়া, প্রবাসী নুরুল ইসলাম, হোসন আহমদ ও এখলাছ আহমদ। অপর পক্ষের শরীফ উদ্দিন, সমির উদ্দিন ও জসিম উদ্দিনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের অধিকাংশকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গোলাম হায়দারের ছেলে নাহিদুজ্জামান মুসহাব অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে দলিলমূলে ক্রয় করা ও দখলে থাকা জমিতে পুকুর খনন, গাছপালা রোপণ এবং ধান চাষ করে আসছেন। কিন্তু সম্প্রতি শরীফ উদ্দিন গংরা ওই জমির একটি অংশ নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। শনিবার পুকুর থেকে মাছ ধরার জন্য সেচ মেশিন বসানোর সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাদের পক্ষের অন্তত ১০ জনকে আহত করেছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় নাহিদুজ্জামান মুসহাব বাদী হয়ে শরীফ উদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে প্রতিপক্ষের হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, সংঘর্ষের ঘটনায় অপর পক্ষের অভিযোগের বিষয়েও পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়