Tuesday, September 8

সৌদি সড়কে ঝরল কানাইঘাটের দুই প্রবাসীর প্রাণ


নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে দেশে ফেরার স্বপ্ন নিয়ে সৌদি আরব থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কানাইঘাটের দুই প্রবাসী। কিন্তু দেশে ফেরার সেই স্বপ্ন আর পূরণ হলো না তাদের। বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।

নিহত দুই প্রবাসী হলেন করিম আহমদ ও খালিদ আহমদ। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

দুই প্রবাসীর মৃত্যুর খবর কানাইঘাটে তাদের নিজ এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনদের বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকা পরিবারগুলোর আনন্দ মুহূর্তেই পরিণত হয় কান্নায়। এলাকায় সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের।

উল্লেখ্য, গত জুন মাসে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও একজন কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়।

এরই মধ্যে আবারও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই প্রবাসীর মৃত্যুর ঘটনায় এলাকায় নতুন করে শোকের মাতম শুরু হয়েছে।

লাগেজ গুছিয়ে বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে বিমানবন্দরের পথে রওয়ানা দেওয়া দুই প্রবাসী আর ফিরলেন না আপনজনদের কাছে-ফিরল শুধু তাদের মৃত্যুর হৃদয়বিদারক সংবাদ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়