Tuesday, September 1

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কানাইঘাটে বর্ণাঢ্য র‍্যালি


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, পথসভা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কানাইঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে অংশ নিতে বিকেল ৩টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, পোস্টার, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে কানাইঘাটের ইউনিক কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হতে থাকেন। পরে বাদ আছর সেখান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা রোড হয়ে কানাইঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট বাজার পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। 

কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ফরিদ উদ্দিন।

এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়