নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম, সাহিত্য-সংগীত ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের কানাইঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিফতাউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাণকৃষ্ণ হাওলাদার, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি ও উপজেলা-পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চিন্তাধারা তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবির জীবনাদর্শ ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি তাঁর আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার সুযোগ পাবে।
আয়োজক সূত্রে জানা যায়, ৩১ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুলসংগীতভিত্তিক একক নৃত্য।
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের আবৃত্তির জন্য ‘ভোর হলো’, ‘খোকার সাধ’, ‘খুকি ও কাঠবিড়ালী’, ‘মোসাহেব’ ও ‘লিচু চোর’ কবিতা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কবিতাগুলো হলো ‘সংকল্প’, ‘কাণ্ডারি হুঁশিয়ার’, ‘বিদ্রোহী’, ‘মানুষ’ ও ‘ওমর ফারুক’।
উপজেলা পর্যায়ে মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ের প্রতিযোগিতা আগামী ২ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা হবে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
উপজেলা পর্যায়ে প্রতিটি বিষয়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। এভাবে ধাপে ধাপে বিজয়ী শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং সনদ প্রদান করা হবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়