Thursday, September 3

পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি বোর্ডের সাধারণ অধিবেশন সম্পন্ন


কানাইঘাট নিউজ ডেস্ক :

পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষা বোর্ডের জরুরি সাধারণ অধিবেশন আজ দুপুরে বোর্ডের প্রধান মারকায জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস, কানাইঘাট মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে বোর্ডের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি অরাজনৈতিক দ্বীনি সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামাত (জমিয়তে উলামা বাংলাদেশ)-এর কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সক্রিয় করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।


অধিবেশনে সভাপতির বক্তব্যে পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব ও জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মুহতারাম আমীর শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী বলেন, উপস্থিত দায়িত্বশীলদের পরামর্শ গ্রহণের উদ্দেশ্যেই এ সাধারণ সভার আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত বোর্ড ও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।

তিনি বলেন, উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) দ্বীন, ইসলাম, মসজিদ, মাকাতিব ও কওমি মাদরাসাসমূহের হিফাজতের লক্ষ্য নিয়ে পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর রূহানী ফয়েজ ও বোর্ডের ধারাবাহিক প্রচেষ্টার ফলে বর্তমানে বোর্ডের অধীনে প্রায় দুই শতাধিক মাদরাসা সফলভাবে পরিচালিত হচ্ছে এবং সহিহ ঈমান-আকীদা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মহাসচিব আরও বলেন, বোর্ডের ঐক্যকে সুসংহত রাখা এবং উস্তাদ ও তালাবাদের একই প্ল্যাটফর্মে থেকে দ্বীনি খেদমত পরিচালনার লক্ষ্যে ২০১০ সালে অরাজনৈতিক ও মাযহাবভিত্তিক সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামাত (জমিয়তে উলামা বাংলাদেশ) প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে শীর্ষ মুরব্বিদের দিকনির্দেশনায় সংগঠনের কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হলেও বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে কিছুটা স্থবিরতা দেখা দেয়।

তিনি বলেন, সংগঠনটি অরাজনৈতিক হওয়ায় সকলের ঐকমত্যের ভিত্তিতে এর কার্যক্রম পুনরুজ্জীবিত করা হলে নিষ্ক্রিয় সদস্যরা আবারও সক্রিয় হবেন এবং নতুন উদ্যমে দ্বীনি খেদমত পরিচালনা সম্ভব হবে।

সভায় তাঁর প্রস্তাবের ওপর বোর্ডের দায়িত্বশীলরা বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণকারী প্রায় সকল বক্তাই প্রস্তাবের প্রতি সমর্থন জানান। পরে বোর্ডের মুহতামিম, নাযিম ও অন্যান্য উস্তাদদের সর্বসম্মতিক্রমে জমিয়তে উলামা বাংলাদেশের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সক্রিয় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জরুরি সাধারণ অধিবেশন পরিচালনা করেন বোর্ডের নাযিমে ইমতিহান মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী। 

অধিবেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম জৈন্তাপুরী, মাওলানা আনোয়ারুল হক হাকরগ্রামী, মাওলানা শফিকুর রহমান দরবস্তী, মাওলানা রূহুল আমিন আসাদী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা নজরুল ইসলাম ক্বাসিমী, মাওলানা আজমত উল্লাহ, মাওলানা মঈন উদ্দিন আকুনী, মাওলানা আব্দুল কুদ্দুস জৈন্তাপুরী, মাওলানা হরমুজ উল্লাহ গোয়ানইঘাটী, মাওলানা মুবাশ্বির রামপ্রসাদী, মাওলানা কামাল উদ্দিন দলকিরাই, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আশিকুর রহমান কোম্পানীগঞ্জীসহ বিভিন্ন মাদরাসার দায়িত্বশীল আলেমগণ।

এছাড়া বোর্ডের বিভিন্ন পর্যায়ের মুহতামিম, নাযিম, শায়খুল হাদীস, আসাতিযায়ে কেরাম ও প্রতিনিধিসহ বিপুলসংখ্যক আলেম অধিবেশনে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়