Saturday, August 15

বাবার কবরের মাটি সরাচ্ছে শিশু, জানে না বাবাই শুয়ে থাকবেন এখানে


মাহবুবুর রশিদ:

নাহ, দৃশ্যটি কোনো আনন্দের চিত্র নয়। প্রথম দেখায় মনে হতে পারে, বড়দের সঙ্গে গর্তে নেমে ছোট্ট শিশুটি বুঝি মাটি নিয়ে খেলছে। শিশুরা যেমন খেলার ছলে মাটি সরায়, দৃশ্যটিও অনেকটা তেমনই। কিন্তু বাস্তবতা ছিল তার সম্পূর্ণ বিপরীত,এটি ছিল এক বাবাহারা শিশুর জীবনের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্তগুলোর একটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেট শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের উপরবড়াই গ্রামের মাওলানা হুসেইন আহমদের ছেলে ফয়েজ আহমদ (৩০)। শুক্রবার(১৪ আগস্ট)  বাবার লাশ দাফনের জন্য যখন কবর খোঁড়ার কাজ চলছিল, তখনই চোখে পড়ে হৃদয় ছুঁয়ে যাওয়া এক দৃশ্য।

কবর খোঁড়ার কাজে অন্যদের সঙ্গে মাটি সরাচ্ছিল ফয়েজের মাত্র তিন বছর বয়সী ছেলে নিহান। নিষ্পাপ শিশুটি হয়তো বুঝতেই পারেনি, যে গর্ত থেকে সে আনন্দের ছলে মাটি সরাচ্ছে, কিছুক্ষণ পর সেই গর্তেই চিরনিদ্রায় শায়িত হবেন তার বাবা। কেউ একজন সেই হৃদয়বিদারক মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাবার কবরের মাটি সরাতে অন্যদের সঙ্গে শিশুটিও ব্যস্ত। তার চোখেমুখে নেই কোনো শোকের ছাপ,কারণ সে তো এখনও জানে না, বাবার ফিরে না আসার অর্থ কী! যে ছোট্ট হাতে বাবার কবরের মাটি সরাচ্ছে, সেই হাতই জানে না। এই কবরেই শুয়ে থাকবেন তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়, তার ‘বটবৃক্ষ’ বাবা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে বাড়ি ফেরার পথে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় ফয়েজ আহমদকে বহনকারী পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফয়েজের এই করুণ মৃত্যুতে পরিবারটির পুরোনো ক্ষতও যেন আবারও তাজা হয়ে উঠেছে। ঠিক আট বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিজের বিয়ের তারিখের দিনই মৃত্যুবরণ করেছিলেন ফয়েজের বড় ভাই মাওলানা জামিল। একই পরিবারের ওপর সড়ক দুর্ঘটনার নির্মম আঘাত যেন আট বছর পর আবারও ফিরে এলো ফয়েজের মৃত্যুর মধ্য দিয়ে।

একদিকে ৩০ বছর বয়সী তরুণ বাবার নিথর দেহ, অন্যদিকে মাত্র তিন বছরের নিষ্পাপ সন্তান-যে এখনও বুঝতেই পারেনি, তার বাবা আর কোনোদিন তাকে কোলে তুলে নেবেন না, আদর করবেন না, কিংবা ঘরে ফিরে ডাকবেন না। শুক্রবার রাত ৯টায় ফয়েজ আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়