Saturday, August 15

কানাইঘাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ইয়াবা বিক্রির সময় ২০ পিস ইয়াবাসহ রুবেল আহমদ (২৬) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ৩নং দিঘীরপাড় ইউনিয়নের ঠাকুরেরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল আহমদ পূর্ব ঠাকুরেরমাটি গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানোর সময় ইয়াবা বিক্রির অভিযোগে রুবেল আহমদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রুবেল আহমদ ছদ্মবেশে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তারা তাকে এলাকার চিহ্নিত ইয়াবা ও মাদক ব্যবসায়ী হিসেবে দাবি করেন।

এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ বাদী হয়ে রুবেল আহমদকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিঘীরপাড় ইউনিয়নে ইয়াবা ও মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদকের কারণে সমাজে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, কানাইঘাটের রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও তাদের গ্রেফতার করা আরও সহজ হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়