Wednesday, August 12

কানাইঘাটে এসএসসির ফলাফলে শীর্ষে বীরদল এন. এম. একাডেমি


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট উপজেলার এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বীরদল এন. এম. একাডেমি। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬২ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৯৭ শতাংশ।

ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। কাঙ্ক্ষিত ফলাফলে সন্তোষ প্রকাশ করে তারা একে অপরকে অভিনন্দন জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক বলেন, “বীরদল এন. এম. একাডেমি কানাইঘাট উপজেলার একটি স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে আসছে। বিগত বছরগুলোতেও পাবলিক পরীক্ষায় বিদ্যালয়টি ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করেছে।”

তিনি জানান, বিদ্যালয়টি ২০২২ ও ২০২৫ সালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। এসএসসি পরীক্ষার ফলাফলেও বিদ্যালয়টি ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। ২০২৪ সালে কানাইঘাট উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জনের পর ২০২৫ ও ২০২৬ সালে বিদ্যালয়টি প্রথম স্থান অধিকার করে।

প্রধান শিক্ষক আরও বলেন, “এই সাফল্যের পেছনে এলাকাবাসীর অবদান, অভিভাবকদের সার্বিক সহযোগিতা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে এলাকাবাসীর সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ প্রয়োজন। সবাই বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে এলে খুব শিগগিরই বিদ্যালয়টি এলাকার মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি।”

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের পরিকল্পিত কার্যক্রমের সমন্বিত ফল হিসেবেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বীরদল এন. এম. একাডেমির এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মধ্যেও আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়