Tuesday, August 11

নজরুল একাডেমী সিলেটের সহ-সভাপতি এম এ হান্নান


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের অন্যতম সাংস্কৃতিক সংগঠন নজরুল একাডেমী সিলেটের আগামী তিন বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইন।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান। তিনি কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও পালন করেছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেটে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও এর প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান নজরুল একাডেমী সিলেটের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এম এ হান্নানের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নজরুল একাডেমীর কার্যক্রম আরও গতিশীল হবে এবং সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়