Friday, July 17

জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি পদে লড়ছেন কানাইঘাটের এহছানে এলাহী


মুফিজুর রহমান নাহিদ:

সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের অঙ্গীকার; ভোটারদের দোয়া ও সমর্থন কামনা

জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সহ-সভাপতি (জালালাবাদ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সচিব মো. এহছানে এলাহী। আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে তিনি ভোটারদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেছেন।

নির্বাচন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে মো. এহছানে এলাহী বলেন, ‘সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তন’—এই প্রত্যয়কে সামনে রেখে তিনি জালালাবাদ এসোসিয়েশনকে আরও গতিশীল, অংশগ্রহণমূলক ও কল্যাণমুখী সংগঠনে পরিণত করতে চান। বৃহত্তর সিলেটবাসীর পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী করতে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ প্রশাসনের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবন শেষে তিনি ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান (গ্রেড-১) এবং বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে ১০ম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে নীলফামারীতে সহকারী কমিশনার ও তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি), যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন কৃতিত্বের অধিকারী। ১৯৮০ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮২ সালে সিলেট সরকারি কলেজ (বর্তমান এমসি কলেজ) থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৫ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৫-২০০৬ সালে স্কলারশিপ নিয়ে লন্ডন ইউনিভার্সিটির অধীনে এমএস (পিএইচ) ডিগ্রি লাভ করেন।

সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের তনিসতী নয়াগ্রামের বাসিন্দা মো. এহছানে এলাহী। তাঁর বাবা মরহুম মো. আব্দুল লতীফ ছিলেন আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং মা মরহুম শামসুন নাহার। তাঁর সহধর্মিণী সৈয়দা ফেরদৌসী বেগম দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চরমুহাম্মদপুর গ্রামের সৈয়দ জহুর আলীর কন্যা। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শহিদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অফিসার্স ক্লাব ঢাকা, এইচআরসি স্মৃতি পরিষদ, ডায়াবেটিক সমিতি চট্টগ্রাম ও গাইবান্ধা, গানাসাস গাইবান্ধা এবং কানাইঘাট সমিতি ঢাকাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের আজীবন সদস্য তিনি। এছাড়া সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ও সিলেট বিভাগীয় চাকুরীজীবী পরিষদের সহ-সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিয়াম মিলনায়তন, ইস্কাটনে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী ভোটারদের রায় প্রত্যাশা করছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়