Friday, July 17

সিলেট-৫ আসনের দায়িত্ব পাওয়ার পর প্রথম কানাইঘাট সফরে শাম্মী আক্তার


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২২-এর সদস্য এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) সংসদীয় আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মোছাম্মাৎ শাম্মী আক্তার আগামীকাল ১৯ জুলাই (রোববার) কানাইঘাট সফরে আসছেন।

সিলেট-৫ আসনের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম কানাইঘাট-জকিগঞ্জ সফরে আসছেন তিনি। তাঁর এ সফরকে ঘিরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, ১৮ জুলাই (শনিবার) তিনি জকিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করবেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

পরদিন ১৯ জুলাই (রোববার) বাদ জোহর কানাইঘাটের আজিজ কনভেনশন হলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ এবং সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, শাম্মী আক্তারের এ সফরের মধ্য দিয়ে সিলেট-৫ সংসদীয় আসনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়