Thursday, July 16

কানাইঘাটে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও জুলাই যোদ্ধা সাফিয়ান।

সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে এ দেশের মানুষ সব সময় সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করেছে। জুলাই-আগস্টের আন্দোলনের লক্ষ্য ও চেতনাকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তবে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সভায় অংশ নেওয়া কয়েকজন জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা সাফিয়ান, জসিম ও আব্দুল মানিকসহ কয়েকজন অভিযোগ করেন, অনুষ্ঠানটি নামমাত্র আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

তাদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য বক্তার বক্তব্যের পর অল্প সময়ের মধ্যেই সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অনেক অংশগ্রহণকারী বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। কেউ কেউ অভিযোগ করেন, সভায় যোগদানের আগেই অনুষ্ঠান শেষ হয়ে যায়।

তারা আরও বলেন, জুলাই শহিদ দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি দিবসের আলোচনা সভায় আরও বেশি সময় দিয়ে মুক্ত আলোচনা ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন ছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়