Wednesday, July 22

ফেসবুকে হার্টের ডাক্তারের খোঁজ, কয়েক ঘণ্টা পর নিথর দেহ


নিজস্ব প্রতিবেদক:

"হার্টের ডাক্তার কাহাকে দেখালে ভালো হবে" নিজের ফেসবুক আইডিতে করা এই ছোট্ট স্ট্যাটাসটি যে হবে জীবনের শেষ বার্তা, তা হয়তো কল্পনাও করেননি কানাইঘাট উপজেলার মামুন রশীদ। স্ট্যাটাস দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত মামুন রশীদ কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়কান্দি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সুরইঘাট বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, "হার্টের ডাক্তার কাহাকে দেখালে ভালো হবে।" স্ট্যাটাসটি প্রকাশের কয়েক ঘণ্টা পর সকালবেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। 

মামুন রশীদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে  স্বজন, বন্ধু, সহকর্মী এবং এলাকাবাসী তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। অনেকেই লিখেছেন, কয়েক ঘণ্টা আগেও যিনি চিকিৎসকের খোঁজ করছিলেন, তাকেই এত দ্রুত বিদায় নিতে হবে-এটি কেউ ভাবতে পারেননি।

তার ফেসবুক প্রোফাইলের পরিচিতি অংশে লেখা ছিল "এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।"  মৃত্যুর পর এই কথাগুলো নতুন করে আলোচনায় এসেছে। অনেকে মন্তব্য করেছেন, সত্যিই তার বিদায়ে আজ কাঁদছে স্বজন, বন্ধু ও পরিচিতজন।

বুধবার বাদ মাগরিব সুরইঘাট মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়