Wednesday, November 4

কানাইঘাটে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :

আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র কানাইঘাট শাখার উদ্যোগে বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কানাইঘাট ও গাছবাড়ী শাখার কর্মকর্তা, বিপুলসংখ্যক মাঠকর্মী, গ্রাহক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নূরে আলম সিদ্দিকী অভি।

কানাইঘাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিজিত রাম দাসের সভাপতিত্বে এবং সহকারী সেলস ম্যানেজার প্রিয়ময় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানির ডিএমডি সাজেদুল বারি, সেলস ম্যানেজার আব্দুল মুমিন ভূঁইয়া, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন কানাইঘাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, কোম্পানির গাছবাড়ী শাখার ব্রাঞ্চ ম্যানেজার খাদিজা আক্তার হেনা, সড়কের বাজার সাব-শাখার ব্রাঞ্চ ম্যানেজার জান্নাতুল ফেরদৌস এবং কানাইঘাট শাখার ইউনিট ম্যানেজার জাহেদা বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নূরে আলম সিদ্দিকী অভি বলেন, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে কাজ করে যাচ্ছে। কোম্পানির কর্মকর্তা ও সারাদেশের মাঠকর্মীরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে লেনদেন, গ্রাহকদের স্বাস্থ্যসেবা সুরক্ষা এবং বীমা দাবির অর্থ নির্ধারিত সময়ে সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি সেবার মান বজায় রাখছে।

তিনি আরও জানান, কানাইঘাট উপজেলায় কোম্পানির দুটি শাখা ও দুটি উপশাখার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উপজেলায় পাঁচ হাজারের অধিক মানুষকে বীমার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠকর্মীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, কানাইঘাটে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা ও মাঠকর্মীরা আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছেন। সময়মতো বীমা দাবি পরিশোধ এবং গ্রাহকদের আস্থা অর্জনের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্থানীয় মানুষের সহযোগিতা বাড়ছে।

তাঁরা কানাইঘাটের প্রবাসীসহ বিভিন্ন পেশার মানুষকে বীমার আওতায় নিয়ে আসতে কোম্পানির কর্মকর্তা ও মাঠকর্মীদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে কোম্পানির কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শাখা কার্যালয়ের কর্মকর্তারা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়