Monday, November 2

কানাইঘাটে প্রসূতির মৃত্যু, চিকিৎসকদের পরামর্শ উপেক্ষার অভিযোগ স্বজনদের বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটে এক প্রসূতি নারীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল চিকিৎসার অভিযোগ ছড়িয়ে পড়লেও ঘটনার পেছনে ভিন্ন তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা একাধিকবার উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন। তবে স্বজনদের সিদ্ধান্তহীনতা ও সিলেটে নিতে অনীহার কারণে সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, সম্প্রতি ফরহাদ সাগর নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে তাঁর বোনের মৃত্যুকে কেন্দ্র করে অপচিকিৎসার অভিযোগ তোলেন। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করে সংশ্লিষ্ট সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ওই প্রসূতি নারীর চিকিৎসা ও হাসপাতালে স্থানান্তরের বিষয়ে একাধিক ঘটনা ঘটেছিল।

প্রাপ্ত তথ্যমতে, প্রসবের নির্ধারিত সময় পার হওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে সড়কের বাজার এলাকার একটি ক্লিনিকে নিয়ে যান। তবে রোগীর শারীরিক অবস্থার জটিলতা বিবেচনায় ক্লিনিক কর্তৃপক্ষ সেখানে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরে তাঁকে কানাইঘাটের মা-মনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আল্ট্রাসনোগ্রাফি ও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা রোগীর অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, এ সময় রোগীর সঙ্গে থাকা তাঁর ভাবি নাজমা বেগম সিলেটে নিতে রাজি হননি। বরং উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পরিবর্তে রোগীকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় রোগী নিজেও সিলেটে নেওয়ার জন্য আকুতি জানিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরাও রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত সিলেটে স্থানান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে সেখানেও রোগীর স্বজনদের পক্ষ থেকে সিলেটে নেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ঝুঁকির বিষয়টি উল্লেখ করে রোগীর স্বজন নাজমা বেগমের কাছ থেকে লিখিত সম্মতিপত্র বা রিস্ক বন্ড নেওয়া হয় ।

চিকিৎসা পরিভাষায় এ ধরনের লিখিত সম্মতিকে ‘ডিসচার্জ অ্যাগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস’ (DAMA) বা চিকিৎসকের পরামর্শের বিরুদ্ধে রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সম্মতিপত্র বলা হয়। চিকিৎসকের পরামর্শ অমান্য করে রোগীকে অন্যত্র নেওয়া বা চিকিৎসা চালিয়ে না যাওয়ার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণত এ ধরনের লিখিত নথি সংরক্ষণ করে থাকে।

পরবর্তীতে হাসপাতালে প্রসব কার্যক্রম চলাকালে ওই প্রসূতি নারী অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাঁকে সিলেটে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পথিমধ্যে গোলাপগঞ্জ এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়