Thursday, November 5

কানাইঘাটে ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারে ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে। মাত্র ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা হামজা হেলালের ভাতিজি ও ভাতিজার আকিকা অনুষ্ঠান উপলক্ষে গাছবাড়ি বাজারের আনারকলি কমিউনিটি সেন্টারে অতিথিদের সমাগম ঘটে। অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যয়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন হঠাৎ করে বাজারে মিছিল বের করেন। এ সময় তারা ‘শেখ হাসিনা ফিরবে’ ‘শেখ হাসিনা ভয় নাই,রাজপথ ছাড়িনাই ’ বলে  স্লোগান দেন। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মিছিলকারীরা।

এদিকে, ঝটিকা মিছিলের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের খোঁজাখুঁজি শুরু করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল  ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায় নি। মিছিলে জড়িতের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়