Monday, November 2

রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৮ বছরের শিক্ষকতা জীবনের অবসান, হারুন রশিদকে বিদায় সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: 

কানাইঘাটের ঐতিহ্যবাহী রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হারুন রশিদের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ। সহকারী শিক্ষক সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সহকারী প্রধান শিক্ষক হারুন রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমদ, ফারুক মিয়া এবং শিক্ষার্থী ফাহমিদা জান্নাত, মনিসা জান্নাত প্রমুখ।

বক্তারা বলেন, বিদায়ী সহকারী প্রধান শিক্ষক হারুন রশিদ দীর্ঘ ৩৮ বছর ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে তিনি বিনা বেতনে শিক্ষকতা শুরু করেন। বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়। তিনি শুধু একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, শিক্ষার্থীদের কাছে ছিলেন অভিভাবকতুল্য একজন মানুষ। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হিসেবে তিনি সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর অবদান ও স্মৃতি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী সংবর্ধিত অতিথি হারুন রশিদ তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়েই তাঁর শিক্ষকতা জীবনের সূচনা এবং এ প্রতিষ্ঠান থেকেই তিনি অবসরে যাচ্ছেন। দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সবসময় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করার চেষ্টা করেছেন। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে দায়িত্ব পালন করতে গিয়ে কখনো সহকর্মীদের সঙ্গে কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাবা-মা অনেক স্বপ্ন ও আশা নিয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠান। তাই তাদের স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করতে হবে এবং সবসময় শিক্ষকদের সম্মান করতে হবে। কর্মজীবনের ইতি টানলেও তিনি সবসময় এ বিদ্যালয়ের পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক হারুন রশিদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নুরুল হক চাকরিজীবন শেষে অবসরে যাওয়ায় তাঁকেও বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষকের বিদায়ে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়