Monday, November 2

কানাইঘাট সীমান্তে পিকআপের চাপায় কিশোর নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটের সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি গ্রামে ভারতীয় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা পিকআপের চাপায় দিলদার হোসেন (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ৩১ অক্টোবর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ১ম খণ্ড গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন বাউরভাগ ১ম খণ্ড গ্রামের আব্দুল মতিনের ছেলে সেবুল আহমদ (২৪), একই গ্রামের ফয়াজ আহমদের ছেলে ও সীমান্ত এলাকার চিহ্নিত ভারতীয় চোরাকারবারি হিসেবে এজাহারে উল্লেখিত মাসুম আহমদ (৩০) এবং জৈন্তাপুর উপজেলার গড়াটিল্লা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পিকআপের মালিক ও চালক রামিম আহমদ (৩২)।

এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা নং-০২, তারিখ ০১/১১/২০২৬ ইং। প্ররোচনার মাধ্যমে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮, ৯৯ ও ১০৫ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি সেবুল আহমদ ও মাসুম আহমদ ভারতীয় চোরাকারবারি ব্যবসার সঙ্গে জড়িত। অপর আসামি রামিম আহমদ তাঁর মালিকানাধীন পিকআপ গাড়ি দিয়ে ভারতীয় চোরাই পণ্য পরিবহন করে থাকেন।

এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ৩১ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি জলাসছড়া ব্রিজের উত্তর পাশে কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন দিলদার হোসেন। এ সময় আসামি মাসুম আহমদের নির্দেশে সেবুল আহমদ চালক না হয়েও রামিম আহমদের পিকআপটি বেপরোয়া গতিতে চালিয়ে ভারতীয় চোরাই মালামালের কাছে নিয়ে যাওয়ার সময় দিলদারকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়