Thursday, November 5

কানাইঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন, নিবন্ধন ২ হাজার ৬০ জনের


নিজস্ব প্রতিবেদক:

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করতে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটেও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়ামোদী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীরা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ নামে একটি বৃহৎ জাতীয় ক্রীড়া কর্মসূচি গ্রহণ করেছেন, যা ২০২৭ সাল পর্যন্ত চলবে। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সুপ্ত প্রতিভার অধিকারী খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখাই এ প্রতিযোগিতার অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, কানাইঘাট উপজেলা থেকে ইতোমধ্যে ২ হাজার ৬০ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন। ইউনিয়ন পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রতিযোগিতা শুরু হয়েছে। পর্যায়ক্রমে এসব প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. স্বপ্নীল সৌরভ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হাজী জসিম উদ্দিন ও আলমাছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহিদুর রহমান, আব্দুল খালিক, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সহসভাপতি জালাল আহমদ জনি, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক বদরুল আলম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কয়সর রশিদ, পৌর শাখার সভাপতি হাজী জালাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মামুন রশিদ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন ক্রীড়া ক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা মোট চারটি স্তরে অনুষ্ঠিত হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস।

প্রতিটি ইভেন্টের বিজয়ীদের জন্য থাকছে মেডেল, ট্রফি ও সনদপত্র। তবে এ আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে সেরা প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নির্বাচিতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দীর্ঘমেয়াদি উন্নত প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনার সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ ও শিক্ষার যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকার।

তৃণমূলের হাজারো শিশু-কিশোরের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়