নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে কানাইঘাটের বহুল প্রত্যাশিত গাজী বোরহান উদ্দিন সড়কের উন্নয়নকাজ। প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী গ্রামসংলগ্ন স্থানে এ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্ট থেকে রাজাগঞ্জ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এ সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা ও কানাইঘাট উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যাপকভাবে সড়ক নির্মাণ ও সংস্কারকাজ শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে কানাইঘাটবাসীর প্রাণের দাবি জরাজীর্ণ গাজী বোরহান উদ্দিন সড়কের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর এ অঞ্চলের মানুষকে সড়কটির উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ তার বাস্তবায়ন শুরু হলো। সব দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ উন্নয়নকাজের শুভসূচনা করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সড়কের নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক তদারকি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উন্নয়নকাজ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসসহ এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রীকে সংবর্ধনা, রাজাগঞ্জের উন্নয়নে সহযোগিতার আশ্বাস সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে স্থানীয় শাহী ঈদগাহ মাঠে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকাবাসী রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত দাবি মন্ত্রীর কাছে তুলে ধরেন।
সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে সিলেটে হাজার হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। কানাইঘাট তথা রাজাগঞ্জ এলাকার উন্নয়নেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছলসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়