Friday, September 25

কানাইঘাটে ১২ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে ১২ বছরের এক শিশুকে নির্মাণাধীন টিনের ঘরে নিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এখলাছ আহমদ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা নুরুল হুদা বাবলু কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ মৌজায় এখলাছ আহমদের নির্মাণাধীন বাড়ির একটি টিনের ঘরে গত বৃহস্পতিবার( ২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে শিশুটির বাবা উল্লেখ করেন, তাঁর ১২ বছর বয়সী ছেলে স্থানীয় বীরদল ইসলামী কিন্ডার গার্ডেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন সন্ধ্যায় সে কয়েকজন সহপাঠীর সঙ্গে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল। পথে এখলাছ আহমদ শিশুটিকে মুখ চেপে ধরে তাঁর নির্মাণাধীন বাড়ির একটি টিনের ঘরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শিশুটির সহপাঠীরা বিষয়টি টের পেয়ে সেখানে গিয়ে টিনের ঘরের দরজা খুলে শিশুটিকে দেখতে পায়। পরে খবর পেয়ে শিশুটির বাবা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানতে পারেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন। আশপাশের লোকজন জড়ো হতে থাকলে তিনি কৌশলে সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিশুটির বাবার অভিযোগ, এর আগেও একই ব্যক্তির বিরুদ্ধে কয়েকজন কিশোরকে ওই টিনের ঘরে নিয়ে গিয়ে অনৈতিক আচরণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। ঘটনাটি জানার পর স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সহযোগিতার মাধ্যমে তিনি কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

এ বিষয়ে অভিযুক্ত এখলাছ আহমদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়