Friday, September 18

ক্যালিগ্রাফিতে জাতীয় মঞ্চে কানাইঘাটের জাহিদুলের চমক


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পর্যায়ের ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন সিলেটের কানাইঘাটের হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম। রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত ‘Art of Faith Exhibition 2026’-এর ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় দুই শতাধিক শিল্পীর অংশগ্রহণের মধ্য থেকে শীর্ষ ৫-এর মধ্যে স্থান অর্জন করেছেন বলে জানিয়েছেন জাহিদুল ইসলাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বাংলাদেশ ও বিদেশের দুই শতাধিক শিল্পী অংশ নেন। ক্যালিগ্রাফির পাশাপাশি পেইন্টিং, রেজিন আর্ট, টেক্সচার আর্ট, মিক্সড মিডিয়া, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন ধরনের শিল্পকর্ম প্রদর্শিত হয়।

জাতীয় পর্যায়ের এ আয়োজনে শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়ার ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন জাহিদুল ইসলামের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী। তাঁদের মতে, এই অর্জন তাঁর ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতির পাশাপাশি কানাইঘাটের জন্যও আনন্দ ও গর্বের বিষয়।

জাহিদুল ইসলাম মসজিদ-মাদ্রাসার খেদমতের পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্যালিগ্রাফি শিল্পচর্চা করে আসছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্যালিগ্রাফিকে তিনি শখের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবেও এগিয়ে নিচ্ছেন এবং এ শিল্পের মাধ্যমে আয় করছেন।

পাশাপাশি সিলেটের Tanvir’s Calligraphy Academy-এর প্রশিক্ষক হিসেবেও তিনি কাজ করছেন বলে জানা গেছে। সেখানে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ক্যালিগ্রাফি শেখানোর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

জাতীয় পর্যায়ের এই আয়োজনে অংশগ্রহণ ও শীর্ষ পাঁচে স্থান পাওয়ার বিষয়টি কানাইঘাটের শিল্প-সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, ক্যালিগ্রাফি শিল্পে জাহিদুল ইসলাম তাঁর চর্চা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়