নিজস্ব প্রতিবেদক:
টানা ৫৫ বছর মুহতামিমের দায়িত্ব পালন করে দ্বীনি শিক্ষা ও ইসলামের খেদমতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রবীণ আলেম মাওলানা গোলাম ওয়াহিদকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ‘আল-ওয়াহিদ আবনা, ফুজালা, হুফ্ফাজ পরিষদ’ এবং বীরদল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা, শিক্ষাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাওলানা গোলাম ওয়াহিদ দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার মাধ্যমে দ্বীনি শিক্ষা বিস্তার, আদর্শবান আলেম ও হাফেজ গড়ে তোলা এবং সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রচারে নিরলস ভূমিকা রেখে চলেছেন। তার সুনিপুণ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি থেকে অসংখ্য হাফেজ ও আলেম বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় শিক্ষা, ইমামতি, খতিব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষানুরাগী, আদর্শ শিক্ষক ও অভিভাবক হিসেবে মাওলানা গোলাম ওয়াহিদের অবদান আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্বীনি খেদমতের ধারাবাহিকতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইখুল হাদি মাওলানা শফিকুল হক সুরইঘাটী, সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান, শায়খুল হাদিস মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী, মুফতি মাসউদ আহমদ (শাহবাগ জামিয়া), মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুতাছিম আলী, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ, বীরদল এন এম একাডেমির সাবেক প্রধান শিক্ষক জার উল্লাহ, বর্তমান প্রধান শিক্ষক মাহবুবুল করীম, মাওলানা আজমত উল্লাহ, মাওলানা জামিল আহমদ, মুহাম্মদ ইয়াহইয়া, চেয়ারম্যান আফসার উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের এক পর্যায়ে মাওলানা গোলাম ওয়াহিদের হাতে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননার অংশ হিসেবে ৫ লাখ টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার দীর্ঘ ৫৫ বছরের দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তার এবং কর্মময় জীবন নিয়ে প্রকাশিত একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সবশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ এবং মাওলানা গোলাম ওয়াহিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্বীনি খেদমতের ধারাবাহিকতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়