Wednesday, August 5

কানাইঘাটে গণঅভ্যুত্থান দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মিয়া।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন ও হাজী আলমাছ উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা এহতেশামুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি গিয়াস উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি মিম সালমান এবং পৌর যুবদলের আহ্বায়ক রুবেল আহমদ।

এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনা হয়। আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট সরকারের পতনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়