Wednesday, August 26

কানাইঘাটে ৫ প্রবাসীর পরিবারে ৩ লাখ টাকা করে অনুদানের চেক দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি কাতারে সড়ক র্দুঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবারকে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৩লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় কানাইঘাট গাছবাড়ি বাজারে আয়োজিত এক সূধী সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীরা হচ্ছেন আমাদের দেশের সম্পদ, তাদের রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারও নেই। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশে আমরা এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। তবে আমরা কেবল আর্থিক অনুদান দিয়েই থেমে থাকতে চাই না, বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে এসব পরিবারের পাশে থাকার মাধ্যমেই তা প্রমাণ করবে। তিনি নিহত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে আরো বলেন, এই পরিবারগুলোতে যে সকল শিশু রয়েছে, তাদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ যোগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একইসাথে স্বজনহারা প্রতিটি পরিবারের একজনকে সরকারী ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান। সেই সাথে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈধভাবে প্রবাসে যাওয়ার আহবানও জানান। 

কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এবং কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদের পরিচালনায় অনুষ্টানে এলাকাবাসী বিভিন্ন দাবীর প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কানাইঘাটে রাস্তাঘাটের চিত্র দেখে মনে হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে কোন ধরনের উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উন্নয়নের সরকার আখ্যায়িত করে বলেন ইতিমধ্যে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের উন্নয়নের জন্য ৩টি ধাপে ৪৫ কোটি টাকার টেন্ডার দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ঠিকাদারী প্রতিষ্টান কাজ শুরু করতে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে গাছবাড়ি-হরিপুর সড়কের দৃশ্যমান প্রস্থস্থকরণ ও উন্নয়ন সহ নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ সহ কানাইঘাট ও জকিগঞ্জের জনগুরুত্বপুর্ণ উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন। 

অনুষ্টানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসন-২২ এর সংসদ কানাইঘাট জকিগঞ্জের উন্নয়ন তদারকীর দায়িত্বে থাকা সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী। 

বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা জমিয়তে উলামা ইসলাম ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়