নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাতে ও শনিবার (২২ আগস্ট) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-কানাইঘাট উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় ওরফে মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সমর্থিত কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ব্যানারে ২৫-৩০ জন নেতাকর্মী কানাইঘাট সদর ইউনিয়নের চতুল-দরবস্ত সড়কের বারহাল ব্রিজে আকস্মিকভাবে কয়েক মিনিটের একটি মিছিল করেন।
মিছিলটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা এর আগেই সেখান থেকে সরে যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিদের মধ্যে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়