Monday, August 24

কানাইঘাটে আসছেন প্রবাসী কল্যাণমন্ত্রী


কানাইঘাট নিউজ ডেস্ক :

সিলেটের প্রবাসী অধ্যুষিত জনপদে কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আসছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেটে এসে সুনামগঞ্জে নিরাপদ অভিবাসনবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরদিন বুধবার (২৬ আগস্ট)  কানাইঘাটে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের হাতে তুলে দেবেন আর্থিক অনুদানের চেক।

রোববার (২৩ আগস্ট) রাতে মন্ত্রীর একান্ত সচিব বিজন কুমার সিংহ গণমাধ্যমকে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন শ্রমমন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।

বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

পরে সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী। এসব কর্মসূচি শেষে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন বুধবার (২৬ আগস্ট) সকালে সিলেটের কানাইঘাট উপজেলায় যাবেন আরিফুল হক চৌধুরী। সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ হলরুমে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী কর্মীর শোকাহত পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়ার কথা রয়েছে তার।

কানাইঘাটের কর্মসূচিসহ সফরের নির্ধারিত সব আয়োজন শেষে বুধবার রাতেই বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে শ্রমমন্ত্রীর।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়