Monday, June 22

কানাইঘাটে পুলিশের বিশেষ মহড়া, নিরাপত্তা জোরদার


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ সতর্কতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, চতুল বাজার ও সুরইঘাট বাজার এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়। বিকেল ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের অংশগ্রহণে কানাইঘাট থানা থেকে মহড়া শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

মহড়ায় নেতৃত্ব দেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালমান নুর আলম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান।

এ সময় এএসপি সালমান নুর আলম স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, কানাইঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ মোবিলাইজেশন কার্যক্রম শুরু হয়েছে, যা চলমান থাকবে।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কানাইঘাটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড কাউকে করতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



 

 


 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়