নিজস্ব প্রতিবেদক :
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেছে প্রশাসন।
সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহদী হাসান শাকিলের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাপস চক্রবর্তী তুষার বলেন, “আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে এসেছি। কাতারের মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে শুধু কানাইঘাট নয়, পুরো দেশ শোকাহত। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বসহকারে উপস্থাপন করেছেন।”
তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত রবিবার কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের পুত্র মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার পুত্র জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের পুত্র কাদের আহমদ।
প্রিয়জন হারানোর বেদনায় যখন পরিবারগুলো দিশেহারা, তখন উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ শোকাহত স্বজনদের কিছুটা হলেও সাহস ও সান্ত্বনা জুগিয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়