নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, “আমার খালাতো বড় ভাই মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একটি সম্ভ্রান্ত পরিবারের কৃতী সন্তান। চরিত্র, ব্যক্তিত্ব, সততা ও মানবিক গুণাবলির কারণে তিনি সর্বমহলে অত্যন্ত সম্মানিত ছিলেন। সিলেট-৫ আসনের সংসদ সদস্য এবং একজন সফল অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষা বিস্তার, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে গেছেন। দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা তাঁকে একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। রাজনৈতিক অঙ্গনে আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও পারিবারিক ও ভ্রাতৃত্বের সম্পর্ক কখনোই ক্ষুণ্ন হয়নি। বরং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও আন্তরিকতার বন্ধন সবসময় অটুট ছিল।
আজ তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। তাঁর এই প্রস্থান আমাদের জন্য গভীর বেদনার। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরময় করুন, তাঁর প্রতি অশেষ রহমত বর্ষণ করুন এবং জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়