Saturday, June 13

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে শাম্মী আক্তারের শোক


নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২২-এর সদস্য মোছাম্মাৎ শাম্মী আক্তার।

এক শোকবার্তায় তিনি সমাজ, শিক্ষা ও রাজনীতিতে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শাম্মী আক্তার বলেন, কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামের সন্তান ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন বর্ণাঢ্য, পুণ্যময় ও কর্মমুখর জীবনের অধিকারী একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর অমায়িক আচরণ, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, কর্ম ও অবদানের মধ্য দিয়ে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী যুগের পর যুগ বেঁচে থাকবেন মাটি ও মানুষের হৃদয়ে।

শাম্মী আক্তার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অষ্টম জাতীয় সংসদের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী শনিবার (১৩ জুন) রাত ১টা ৩০ মিনিটে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট অঞ্চলের একজন বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন। তিনি সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে সিলেট অঞ্চলে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি প্রধান উদ্যোক্তা হিসেবে অবদান রাখেন। সংসদ সদস্য থাকাকালীন সময়েও তিনি তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়