Wednesday, June 3

কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিনের ইন্তেকাল, শোকের ছায়া


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং জকিগঞ্জ উপজেলার বারহাল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য আজাদ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩ জুন) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গন, ক্রীড়াঙ্গন ও সামাজিক পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজাদ উদ্দিন ছিলেন একজন ক্রীড়ানুরাগী, মানবিক ও সদাহাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে কানাইঘাট সরকারি কলেজে পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে তিনি অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও প্রাণবন্ত উপস্থিতি সহকর্মী এবং শিক্ষার্থীদের কাছে ছিল অনুকরণীয়।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। অনেকেই স্মৃতিচারণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামে।

মরহুমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে এবং দ্বিতীয় জানাজা বিকেল ২টায় বারহাল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়