নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত মূল্যায়নে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে কানাইঘাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়টিকে এ গৌরবজনক সম্মাননা প্রদান করা হয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসান শাকিল এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান-এর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
সংশ্লিষ্টরা মনে করেন, এ অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহেদ হোসাইন রাহীন বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক, যুগোপযোগী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এই স্বীকৃতি আমাদের সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
তিনি বিদ্যালয়ের এ অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়