নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র (FIVDB) ‘আশ্রয়ণ’ প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট এফআইভিডিবি’র শিক্ষা ও শিশু বিকাশ কর্মসূচির পরিচালক শিরিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল।
সভায় শিরিন আক্তার জানান, জার্মানভিত্তিক একটি সংস্থার অর্থায়নে ৫ বছর মেয়াদি ‘আশ্রয়ণ’ প্রকল্পের আওতায় বড়চতুল ইউনিয়নের হারাতৈল বেতু, সরুফৌদ, পর্বতপুর, মালিগ্রাম ও বড়চতুল গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১২ লাখ ৪২ হাজার ৬৯৮ টাকা।
তিনি আরও জানান, প্রকল্পের মাধ্যমে শিশু-কিশোরসহ মোট ১০ হাজার ৫৩০ জন প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। এফআইভিডিবি’র কার্যক্রমের মধ্যে রয়েছে বয়স্ক সাক্ষরতা ও জীবনব্যাপী শিক্ষা, জীবিকায়ন ও জীবনমান উন্নয়ন, শিশুর বিকাশ ও প্রাথমিক শিক্ষা, সমন্বিত আর্থিক সেবা এবং ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা।
প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে শিশুদের জন্য নিরাপদ, সহায়ক ও জলবায়ু-সহনশীল পরিবেশ নিশ্চিত করা। বাস্তবায়ন কার্যক্রমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও এফআইভিডিবি’র মাঠ পর্যায়ের কর্মকর্তারা সম্পৃক্ত থাকবেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান শাকিল প্রকল্পের সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও বক্তব্য দেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, বড়চতুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন, এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর রুমানা বেগম, প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা, স্পন্সরশিপ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার তুষার কান্তি ধরসহ অন্যান্য কর্মকর্তারা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়