Tuesday, June 23

কানাইঘাটে ১৬৮০ কেজি ভারতীয় জিরা জব্দ, পুলিশের জালে ৩ চোরাকারবারি


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে চোরাচালানবিরোধী অভিযানে ১ হাজার ৬৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় সোমবার গভীর রাতে পৌরসভার পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।

রাত আড়াইটার দিকে এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে একটি পিকআপ তল্লাশি করে ১ হাজার ৬৮০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেন। এ সময় সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রুবেল আহমদ, একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন এবং বাউরভাগ ১ম খণ্ড গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে মানিক মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরাগুলো শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি আমিনুল ইসলাম বলেন, “আটককৃত ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাইপথে পণ্য আনার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়