নিজস্ব প্রতিবেদক:
গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক মেরামতে এগিয়ে এসেছে কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা। সড়কটির সংস্কারের জন্য সংগঠনটির পক্ষ থেকে ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রবাসে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের লামার তালুক গ্রামের দুই রেমিট্যান্সযোদ্ধা আলিম উদ্দিন ও খালিক উদ্দিনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও ৮ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান, সহসভাপতি জসিমউদদীন, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান নাবিল, ধর্মবিষয়ক সম্পাদক মো. সিরাজ উদ্দিন, ফিরুজ আহমেদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার গুরুত্বপূর্ণ সড়কের সাময়িক সংস্কারে সহযোগিতার পাশাপাশি প্রবাসে দুর্ঘটনায় নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার পরিবারের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়