Sunday, May 24

কানাইঘাটে কোরবানির চামড়া রক্ষায় বিশেষ প্রশিক্ষণ, লবণ প্রয়োগে জোর


নিজস্ব প্রতিবেদক :

বিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সঠিকভাবে লবণ প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী-এর সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, শিক্ষক ও মাংস ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। সরকারের সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই তাদের এ প্রশিক্ষণের আওতায় আনা হয়।

কর্মশালায় কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, চামড়া ছাড়ানোর নিয়ম, কাঁচা চামড়া সংরক্ষণ কৌশল, যথাযথভাবে লবণ প্রয়োগ এবং চামড়ার মান বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার বলেন, “চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। তাই কাঁচা চামড়া সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এ সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সরকার এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য কোরবানিদাতাদের প্রতি সঠিক নিয়মে চামড়া ছাড়ানো এবং সংশ্লিষ্টদের যথাযথভাবে লবণ প্রয়োগের মাধ্যমে চামড়া সংরক্ষণের আহ্বান জানান তিনি।

এছাড়া কোরবানির দিনে জবাইকৃত পশুর চামড়া ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি উপজেলার সব পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনার আহ্বান জানান তিনি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়