Friday, May 22

আইন-শৃঙ্খলা উন্নয়নে ঝিংগাবাড়ীতে বিট পুলিশিং সভা


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে কানাইঘাট থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।” তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বিশেষভাবে মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি ও কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। ওসি আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে। তবে শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ নয়, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধই প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”

গাছবাড়ী দক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, ঝিংগাবাড়ী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, গাছবাড়ী দক্ষিণ বাজার বণিক সমিতির সহ-সভাপতি তাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়